চার ম্যাচে জয় দূরে থাক, গোলেরই দেখা নেই। আগের ম্যাচেই ওয়েস্টহ্যামের কাছে হার ম্যানইউর দু:সময়কে আরো বাড়িয়েছে। বড়দিনে স্যার রাটক্লিফ এক চতুর্থাংশ মালিকানা কিনে নিয়ে সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানালেন। কিন্তু ঘরের মাঠে ২৬ মিনিটে অ্যাস্টনভিলার কাছে দু গোল খাওয়ায় কিভাবে ধৈর্য রাখে ভক্তরা!
কিন্তু দুই তরুণ প্রত্যাবর্তনের গল্প লিখলেন ওল্ড ট্র্যাফোর্ডে। বক্সিং ডেতে দারুণ এক জয় উপহার দিলেন তারা- আর্জেন্টিনার আলেসান্দ্রো গারনাচো আর ডেনমার্কের রাসমুস হোইলুন্ড।
০-২ গোলে পিছিয়ে পড়া ম্যানইউকে বিরতির পরপরই খুশিতে নাচিয়ে তুলেছিলেন গারনাচো। কিন্ত অফসাইডে বাতিল হয় গোলটি। তবে ভক্তদের বেশিক্ষণ অপেক্ষায় রাখেননি আর্জেন্টাইন। ৫৯ মিনিটে রাশফোর্ডের অ্যাসিস্টে স্বদেশী দিবু মার্তিনেজকে পরাস্ত করেন তিনি। ১২ মিনিট পর আবার গোল গারনাচোর। সমতা ওল্ড ট্র্যাফোর্ডে। ৮২ মিনিটে একটি কর্নার থেকে বল পেয়ে বা পায়ের ভলিতে জয়সূচক গোল করেন হোইলুন্ড। এ গোল শুধু যে জয় এনে দিয়েছে দলকে তা নয়, ১৪ ম্যাচ পর প্রিমিয়ার লিগে প্রথম গোলের দেখা পেলেন ৯২ মিলিয়ন ডলারে আতালান্তা থেকে আসা এই ড্যানিশ।
এই জয়ে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ষস্ঠ স্হানে উঠে এলো ম্যানইউ। ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্হানে ভিলা।
৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে লিভারপুল। মংগলবার বার্নলিকে ২-০ গোলে হারিয়েছে তারা। ১২ ম্যাচ পর গোলের দেখা পাওয়া উরুগুইয়ান দারউইন নুনেজ প্রতিপক্ষের মাঠে ষষ্ঠ মিনিটেই এগিয়ে দেন। লিভারপুল দ্বিতীয় গোলটা পায় একেবারে ৯০ মিনিটে গিয়ে। ব্যবধান দ্বিগুন করেন চোট থেকে ফেরা দিয়েগো জোতা।
টানা দুই ড্রর পর পাওয়া জয়ে শীর্ষে উঠলেও লিভারপুল তা খোয়াতে পারে আর্সেনালের কাছে যদি গানার্সরা বুধবার ওয়েস্ট হামকে হারিয়ে দেয়।