হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ভেতর থেকে গোলাম রব্বানী (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বানিয়াচং উপজেলা সদরের নন্দীপাড়া মহল্লার মিহির উদ্দিনের ছেলে। গোলাম রব্বানী একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু হানিফ।
বুধবার (২৭ ডিসেম্বর) হবিগঞ্জ সদর হাসপাতালে রব্বানীর মরদেহের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘মঙ্গলবার বিকেলে গোলাম রব্বানীকে বড়বাজার থেকে অটোরিকশা চুরির মামলায় গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে হাজতখানার পাশের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।’
তিনি আরও জানান, ‘রব্বানীকে দ্রুত বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
গোলাম রব্বানীর বিরুদ্ধে বানিয়াচং থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান বানিয়াচং থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা (ওসি)।