কারাগার থেকে বের হতেই কুরেশিকে তুলে নিল পুলিশ

রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস তথা সাইফার মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বের হতেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে তুলে নিল পুলিশ। জোর করে তুলে নেওয়ার সময় কুরেশি সাংবাদিকদের বলেন, ‘ওরা আবার মিথ্যা মামলায় আমাকে ধরে নিয়ে যাচ্ছে।’ এদিকে পুলিশ কুরেশিকে কোন মামলায় ফের আটক করলো তা জানায়নি।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সাইফার মামলায় জামিন পেয়ে বুধবার আদিয়ালা কারাগার থেকে বের হতেই কুরেশিকে উঠিয়ে নেয় পুলিশ। তাকে কোন মামলায় আবার গ্রেপ্তার করা হলো ডনের তরফ থেকে পুলিশের কাছে তা জানতে চাইলেও জবাব মেলেনি।

পিটিআই এক্স পোস্ট ও ইন্সটাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পাঞ্জাব পুলিশের ইউনিফর্ম পরা পুলিশ কুরেশিকে জোর করে গাড়িতে তুলছে। সেসময় কুরেশি জামিনের কাগজ দেখান,তাকে বলতে শোনা যায়, ‘ দেখুন কী করছে এরা। এসব কী?’ তিনি আরও বলেন, ‘পুলিশ প্রশাসন সুপ্রিম কোর্টের আদেশের সঙ্গেও তামাশা করছে।’  

২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন। পিটিআইয়ের দাবি এই নির্বাচন সুষ্ঠু হলে তারাই জিতবে, কারণ পাকিস্তানে সবচেয়ে জনপ্রিয় দল এখন তারা। দলটির অভিযোগ, পাকিস্তানে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার চায় না তারা ক্ষমতায় আসুক। এজন্য একের পর এক মামলায় দলের সাবেক চেয়ারম্যান ইমরান খানকে রাজনীতি থেকে সরিয়ে রাখা হচ্ছে। ধারণা করা হয়, পিটিআইতে ইমরানের সঠিক প্রতিনিধি শাহ মাহমুদ কুরেশি। তাকেও নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার পায়তারা চলছে বলে অভিযোগ পিটিআইয়ের।