রাজধানীর কদমতলী এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ ছাত্রদলের দুই কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. নয়ন (২২) ও আল আমিন (২৩)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৩টি ককটেল, ১৫টি পেট্রোল বোমা, গান পাউডার, কাচের গুড়াসহ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, ঢাকা মহানগর দক্ষিণ এলাকায় বেশির ভাগ নাশকতার সঙ্গে এ দুজন জড়িত। গাড়িতে আগুন দেওয়ার জন্য নিজেদের মোটরসাইকেলে করে পাম্প থেকে তেল সংগ্রহ করে তারা পেট্রোল বোমা বানায় তারা।
বুধবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাব-১০ সিপিসি-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন। তিনি বলেন, তারা স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের নির্দেশে নাশকতার উদ্দেশ্যে পেট্রোল বোমা ও ককটেল তৈরি করে তাদের চাহিদামতো বিভিন্ন সময়ে সরবরাহ করে আসছিল। আর এসব পেট্রোল বোমা তৈরি করতে তারা কৌশলী ছিল। যেহেতু এখন খোলাবাজারে পেট্রোল বিক্রি বন্ধ তাই তারা মোটরসাইকেলে করে পাম্প থেকে তেল সংগ্রহ করে সেগুলো দিয়ে পেট্রোল বোমা বানাত। এছাড়াও তাদের আরও বড় ধরনের নাশকতার পরিকল্পনা করে আসছিল।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, দুই ছাত্রদলকর্মী সেলিম রেজা ও আলমগীর হোসেনের নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, দনিয়া ও কদমতলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় তারা নাশকতা করে আসছিল। এছাড়াও গ্রেপ্তার নয়নের বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় নাশকতা, চুরি ও মারামারির একাধিক মামলা আছে।