বিউটি পার্লারে সিসি ক্যামেরা স্থাপন, গ্রেপ্তার ৩

রাজধানীর একটি পার্লারের বিভিন্ন কক্ষে সিসি ক্যামেরার স্থাপনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে। অভিযুক্ত অপর দুই আসামিকে গ্রেপ্তারে তারা অভিযান পরিচালনা করছে।

আজ বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক নারী ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে উইমেন্স ওয়ার্ল্ড নামে ওই পার্লারের ধানমন্ডি ২৭ নম্বরের শাখা থেকে ৮টি সিসি ক্যামেরা ও ক্যামেরার ডিভিআর জব্দ করা হয়।

ওসি পারভেজ ইসলাম বলেন, রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের উইমেন্স ওয়ার্ল্ডের শাখায় ফেশিয়াল করতে যাওয়া এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। সেখান থেকে তিনজনকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে উইমেন্স ওয়ার্ল্ডের মালিকসহ পাঁচজনের নামে মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামিরা হলো- মালিক তসলিমা চৌধুরী কনা আলম (৫৭) ও ফারনাস আলম (৩২) এবং অপর কর্মকর্তারা হলেন- এমদাদুল হাসান (৫৩), তসলিম আরিফ ইলিয়াস (৫২), এইচ এম জুয়েল খন্দকার (৩৩)। আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালে পাঠানো হয়েছে। তবে কনা আলম ও ফারনাস আলম নামের দুজন মালিক পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চালছে।

ওসি বলেন, গ্রেপ্তার তিন কর্মকর্তা আমাদের জানিয়েছেন মালিক পক্ষের সিদ্ধান্তেই ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়া জব্দ করা ক্যামেরার ডিভিআরে বিভিন্ন কক্ষের ফুটেজ থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে ক্যামেরার কোনো ফুটেজের অপব্যবহার হয়েছে কি না সেটি জানতে তদন্ত চলছে।