ইসরায়েলি বন্দরে ড্রোন হামলার দাবি হুথিদের

ইসরায়েলের বন্দর শহর ইলাতকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। পাশাপাশি লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে তারা।

গাজায় হামলা বন্ধের জন্য ইসরায়েলকে চাপ দিতেই হামলা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ইরান সমর্থিত এ গোষ্ঠীটি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এ তথ্য জানান, হুতির সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। খবর আল জাজিরা।

হুথি মুখপাত্র বলেন, তারা ইলাত এবং অধিকৃত ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, তিনটি সতর্কতা কল প্রত্যাখ্যান করার পরে তারা লোহিত সাগরে একটি এমএসসি ইউনাইটেড জাহাজেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তবে মঙ্গলবার হুথিদের হামলার শিকার হলেও জাহাজটির ক্রুরা নিরাপদে আছেন।

হুথিদের হামলার শিকার এমএসসি ইউনাইটেড ৮ সৌদি আরবের কিং আবদুল্লাহ বন্দর থেকে পাকিস্তানের করাচিতে যাচ্ছিল বলে নিশ্চিত করেছে এমএসসি মেডিটেরানিয়ান। শিপিং কোম্পানিটি জানিয়েছে, এই হামলার ঘটনাটি মূল্যায়ন করছে তারা এবং লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন নেতৃত্বাধীন নৌ জোটকে ঘটনাটি জানানো হয়েছে।

মূলত একটি ব্রিটিশ মেরিটাইম গ্রুপ ইয়েমেনের উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলার খবর জানানোর কয়েক ঘন্টা পরে হুথিদের এই বিবৃতিটি সামনে আসে। প্রতিষ্ঠানটি লোহিত সাগরে ড্রোন দেখতে পাওয়া ও বিস্ফোরণ শোনার দাবি জানায়।