যুক্তরাষ্ট্রের উদ্বেগ

ইউরেনিয়াম সমৃদ্ধের গতি বাড়িয়েছে ইরান

পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি বাড়িয়েছে ইরান। এমনটাই দাবি জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার এক প্রতিবেদনে তেহরান উচ্চ মানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি ত্বরান্বিত করেছে বলে জানায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। খবর আল জাজিরা।

আইএইএ এর প্রতিবেদনের প্রতিক্রিয়া মার্কিন এক মুখপাত্র জানান, “এই সময়ে ইরানের পারমাণবিক বৃদ্ধি আরও বেশি উদ্বেগজনক যখন ইরান-সমর্থিত গোষ্ঠীরা লোহিত সাগরে হামলাসহ বিপজ্জনক এবং অস্থিতিশীল কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।

আইএইএ এর প্রতিবেদনে বলা হয়, ইরান অত্যন্ত উচ্চ মানের পরিশোধিত ইউরেনিয়াম উৎপাদন বৃদ্ধি করেছে। এর আগে ইরান ২০২৩ সালের মাঝামাঝি নাগাদ যে পরিমাণ পরিশোধিত ইউরেনিয়ামের উৎপাদন কমিয়েছিল, এখন তার বিপরীত অবস্থানে চলে এসেছে দেশটি।

প্রতিবেদনে আরও বলা হয়, গত নভেম্বর মাসের শেষ থেকে ইরান প্রতিমাসে প্রায় ৯ কেজি হারে পরিশোধিত ইউরোনিয়ামের উৎপাদন ৬০ শতাংশ বাড়িয়েছে। যা চলতি বছরের জুন থেকে প্রায় ৩ কেজি বেশি। আইএইএ বলছে, ২০২৩ সালের প্রথমার্ধে ইরান যেমন মাসে ৯ কিলোগ্রাম পরিশোধিত ইউরেনিয়াম উৎপাদন করতো এখন আবার সে পর্যায়ে ফিরে গেছে দেশটি।

তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর তথ্য অস্বীকার করেছেন ইরানের পারমাণবিক শক্তি প্রধান মোহাম্মদ এসলামি।

বুধবার মার্কিন উদ্বেগকে প্রত্যাখ্যান করে তিনি জোর দিয়ে বলেন যে ইরান "নতুন কিছু করেনি" এবং "নিয়ম অনুযায়ী" কাজ করছে।

সাধারণত পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজন হয় ৯০ ভাগ পরিশোধিত ইউরেনিয়াম তবে পরমাণু বিদ্যূৎ কেন্দ্রের জন্য ৩.৬৭ ভাগই যথেষ্ট। তবে ইরানের কর্মকর্তারা প্রতিনিয়ত বলে আসছেন যে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে তাদের কোনো পরিকল্পনা বা অভিপ্রায় নেই।

সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈরিতা আবার ও বেড়েছে। এ ছাড়া লোহিত সাগরে হুথিদের একের পর এক হামলায় বারবার ইরানকেই দুষছে যুক্তরাষ্ট্র।