ঢাকার দোহার উপজেলার পদ্মানদীতে ৬৩টি গরুসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছে মামা-ভাগ্নে। ৬৩টি গরুর মধ্যে ৩০টি গরু উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। বুধবার (২৭ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুজন হচ্ছেন- গরু বেপারী মুন্সিগঞ্জের শ্রীনগরের জসিম (৪০) ও তার ভাগ্নে সিয়াম (১২)।
ট্রলারে থাকা এক ব্যক্তি জানান, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কয়েকজন গরু ব্যবসায়ী ফরিদপুরের টেপাখোলা বাজার থেকে গরু ক্রয় করে মঙ্গলবার রাতে ট্রলার করে দোহারের মেঘুলা ঘাটে যাচ্ছিলেন। ইঞ্জিনচালিত ট্রলারটি দোহারের সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় আসলে তার ভিতরে পানি ঢুকতে থাকে। মাঝি বিষয়টি বুঝতে পেরে ট্রলারটি নদীর দিকে ভেড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এসময় ৬৩টি গরু সহ ট্রলারটি ডুবে যায়। তবে সকলের সহযোগিতায় ৩০টি গরু উদ্বার করা হলেও বাকি গরুগুলো নিখোঁজ রয়েছে। সকালে ট্রলারসহ ভেসে উঠে মৃত গরুগুলো।
দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার জানান, উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ঢাকা ইউনিট।