মুরাদ জংয়ের সমর্থককে পিটিয়ে গ্রেপ্তার ট্রাকের দুই কর্মী 

সাভারে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদের সমর্থক আজিজুল মন্ডলকে (২৬) মারধরের অভিযোগ উঠেছে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলামের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করলে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মো. আলমগীর হোসেন ও মো. জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আজিজুল মন্ডল আশুলিয়ার শ্রীপুর এলাকার সিআরপি মার্কেটের সামনে ঈগল মার্কার পোস্টার লাগাচ্ছিল। এসময় পূর্ব শত্রুতার জেরে ট্রাক প্রতীকের সমর্থক আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, ইমরান, ওসমান গনি, দুলালসহ অজ্ঞাত আরও ১০-১২ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আজিজুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

অন্যদিকে গতকাল মঙ্গলবার আশুলিয়ায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের পোস্টার লাগানোর সময় তার কর্মী সিরাজুল ইসলামকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের কর্মী আশুলিয়া থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফ মাদবরের বিরুদ্ধে। 

ভুক্তভোগী সিরাজুল ইসলেন বলেন, আমি স্বতন্ত্র প্রার্থীর সাইফুল ইসলামের সমর্থক ও ট্রাক মার্কার পোস্টার ও ব্যানার লাগানোর কাজ করি। আশুলিয়ার গোরাট এলাকায় মো. সাইদ রানা, শ্রী সজ্ঞয়, শ্রী সঞ্চিতসহ আমরা পোস্টার লাগানোর সময় নৌকা প্রতীকের সমর্থক আরিফ মাদবর ও তার ৭/৮ জন সহযোগী আমাদের মারধর করে এবং পোস্টার ছিড়ে ফেলে। আবার ওই এলাকায় পোষ্টার লাগাতে দেখলে প্রাণ নাশের হুমকি দেয় আরিফ মাদবর।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, মারধরের ঘটনায় থানায় মামলা করার পর মো. আলমগীর হোসেন ও মো. জাহাঙ্গীর হোসেন নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ট্রাক প্রতীকের কর্মীকে মারধর ও হুমকির বিষয়টি আমাকে মৌখিক ভাবে জানানো হয়েছে। ভুক্তভোগীদের রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করতে বলা হয়েছে।