অধিনায়ক শান্তর উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন মাশরাফি

কদিন আগে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে জিতেছিল বাংলাদেশ। কিউইদের ডেরায় আজ প্রথমবারের মতো টি-টোয়েন্টিতেও জয়ের দেখা পেয়েছে তারা। ঐতিহাসিক এই জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচরণায় নিজ এলাকা নড়াইলেই অবস্থান করছেন মাশরাফি। সেখানেই এক জনসভায় জয়ের পর বাংলাদেশকে অভিনন্দন জানান তিনি, 'বাংলাদেশ দল জিতেছে আলহামদুলিল্লাহ, খেলা তো এত দেখার সুযোগ হচ্ছে না। অভিনন্দন, বাংলাদেশ দলকে। এটাও তো আরেকটা ভালো লাগার সংবাদ।'

নেপিয়ারে স্বাগতিকদের ১৩৪ রানে গুটিয়ে দিয়ে ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সের পেছনে বড় ভূমিকা ছিল নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব। মাশরাফির নজরেও পড়েছে শান্তর নেতৃত্বগুণ।

মাশরাফির কাছে জানতে চাওয়া হয় শান্তর অধিনায়কত্ব নিয়ে। উত্তরে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, 'অবশ্যই ও দারুণ খেলোয়াড়। ওর একটা সুবিধা হচ্ছে, অনেক সমালোচনার মধ্যে দিয়ে এসেছে। সুতরাং এই জিনিসটাকে ও বুঝতে পারে। ও যেহেতু বুঝে ফেলছে সবকিছু, দারুণ কিছু করবে ভবিষ্যতে, আমার বিশ্বাস।'

লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন লিটন দাস। বাংলাদেশের ওপেনারের ইনিংস নিয়ে জানতে চাইলে মাশরাফি বলেন, 'এভাবে খেলার দায়িত্বই তার।'