নির্বাচনী সমাবেশে নসরুল হামিদ

‘৭ জানুয়ারি বিএনপির রাজনৈতিক পরাজয় ঘটবে’   

‘৭ জানুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপির সন্ত্রাস এবং নৈরাজ্যের পরাজয় ঘটবে। একই সঙ্গে দলটির চূড়ান্ত রাজনৈতিক পরাজয় হবে,’এই মন্তব্য করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নসরুল হামিদ।   

বুধবার তেঘরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত নির্বাচনী সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।    

রাজনৈতিক সন্ত্রাসকে আওয়ামী লীগ প্রশ্রয় দেয় না মন্তব্য করে নসরুল হামিদ বলেন, ‘আওয়ামী লীগ কখনও রাজনৈতিকভাবে সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কেরানীগঞ্জের অলিগলিতে সন্ত্রাসের রাজত্ব ছিল। মানুষ সন্ধ্যার পর বাসা থেকে বের হতে পারতো না। কারণ, সন্ত্রাস-চাঁদাবাজি ছিল প্রতিদিনের ঘটনা।  ঢাকার খুব কাছের তবু এতটাই অবহেলিত ছিল যে, মানুষ কেরানীগঞ্জকে বলতো ‘বাতির নিচে অন্ধকার’। কেরানীগঞ্জে অন্ধকার সেই অবস্থার উত্তরণ আমরা করেছি। এখন এটা সন্ত্রাসের জনপদ না বরং বসবাস উপযোগী ভাল উপ-শহর। এখানে উন্নয়ন হয়েছে, রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান যেমন হয়েছে, ঠিক তেমনই মানুষের নিরাপত্তা আছে।’  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে বিএনপি-জামায়াত সন্ত্রাস-নৈরাজ্য করছে অভিযোগ করে তা প্রতিহতের ডাক দেন নসরুল হামিদ। বলেন, ‘সন্ত্রাস-নৈরাজ্যকে প্রতিহত করতে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে কেরানীগঞ্জে আরও উন্নয়ন হবে।'

এলাকার ভোটারদের ৭ জানুয়ারি সকাল থেকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপির 'নৈরাজ্য' ও 'অপরাজনীতির' চূড়ান্ত পরাজয় ঘটানোর আহ্বান জানান তিনি।  

গত ১৮ ডিসেম্বর থেকে ঢাকা-৩ নির্বাচনী এলাকায় জনসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন নসরুল হামিদ। বুধবার তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহর চাঁন মোল্লার সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম.ই মামুন, তেঘরিয়া ইউনিয়ন চেয়ারম্যান লাট মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা।