নেতানিয়াহুর সঙ্গে হিটলারের পার্থক্য নেই: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর অ্যাডলফ হিটলারের মধ্যে কোনো পার্থক্য নেই।’ একইসঙ্গে গাজায় ইসরায়েলের হামলাকে ইহুদিদের প্রতি নাৎসিদের আচরণের তুলনা করেছেন তিনি।

বুধবার (২৭ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ন্যাটো সদস্য তুরস্ক গাজায় ইসরায়েলের বিমান ও স্থল হামলার সমালোচনা করে একে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে অভিহিত করেছে এবং বলেছে দেশটির নেতাদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে বিচার করা উচিত।

এরদোয়ান বলেন, গাজা সংঘাতের বিষয়ে নিজস্ব মতামতের দায়ে নিপীড়নের শিকার শিক্ষাবিদ এবং বিজ্ঞানীদের স্বাগত জানাবে তুরস্ক। ইসরায়েলি আগ্রাসনে সমর্থন দেওয়া পশ্চিমা দেশগুলো যুদ্ধাপরাধ করছে উল্লেখ করে এরদোয়ান বলেন, ‘তারা হিটলারকে নিয়ে খারাপ কথা বলত। হিটলারের সঙ্গে আপনার (নেতানিয়াহু) পার্থক্য কী? এই নেতানিয়াহু কি হিটলারের চেয়ে কম করছেন? না কম করেননি।’

এরদোয়ান আরও বলেন, ‘তিনি (নেতানিয়াহু) হিটলারের চেয়েও ধনী। তিনি পশ্চিমাদের কাছ থেকে সমর্থন পান। যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের সহায়তা আসছে। আর এই সহায়তা দিয়ে তারা কি করছে? ২০ হাজারের বেশি গাজাবাসীকে হত্যা করেছে।’

এদিকে এরদোয়ানের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘তুরস্কের প্রেসিডেন্ট কুর্দিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছেন। তার শাসনের বিরোধিতাকারী সাংবাদিকদের কারারুদ্ধ করার বিশ্ব রেকর্ড রয়েছে। তিনিই শেষ ব্যক্তি যিনি আমাদের নৈতিকতা শেখাতে পারেন।’

গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। এরপর গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ২৮ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনী। তাদের টানা দেড় মাসের অভিযানে গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজার হাজার পরিবার বাড়িঘর হারিয়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল, সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে।