আমি বিবাহিত না

সদ্য মুক্তি পাওয়া ‘সালার’ সিনেমা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন শ্রুতি হাসান। ইতিমধ্যে সিনেমাটি বক্স অফিসে আড়াইশো কোটিরও বেশি আয় করেছে। সিনেমার আলোচনার মধ্যেই ব্যক্তিগত ইস্যু নিয়ে ফের খবরের শিরোনাম হলেন এই গায়িকা ও অভিনেত্রী। গুঞ্জন ছড়িয়েছে, শ্রুতি গোপনে বিয়ে করেছেন। পাত্র তারই দীর্ঘদিনের প্রেমিক শান্তনু হাজারিকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নেট প্রভাবী ওরি জানান, শ্রুতি বিবাহিত, তার স্বামী আছে। তবে শ্রুতির ব্যবহার মোটেও ভালো না, ওরির সঙ্গে কখনই মধুর ব্যবহার করেননি। ওরির কথায়, ‘একটা অনুষ্ঠানে শ্রুতির সঙ্গে দেখা হয়। একেবারেই ভালোভাবে কথা বলেননি আমার সঙ্গে। তাই আমিও ওর সঙ্গে ছবি তোলার কথা বলিনি। তবে ওর স্বামী শান্তনু খুব ভালো, ওর সঙ্গে কথা হয়, ভালো মানুষ।’

খবর ছড়িয়ে পড়তেই সেই গুঞ্জনে পানি ঢাললেন অভিনেত্রী। জানালেন, এখনো বিয়ে করেননি তিনি। শ্রুতি সাফ সাফ জানিয়ে দেন যে তাকে এবং তার প্রেমিক শান্তনু হাজারিকাকে নিয়ে যে জল্পনা উসকেছে সেটা সম্পূর্ণ মিথ্যা। ইনস্টাগ্রামের এক পোস্টে তিনি বলেন, ‘আমি বিবাহিত না। সম্পূর্ণ মিথ্যা খবর। যেই আমি কি না সব খবরই সবার সঙ্গে শেয়ার করি, সে এই খবর কেন লুকিয়ে রাখব? যারা আমাকে চেনেন না তারা চুপ থাকুন।’

এ মুহূর্তে শ্রুতি সাফল্যের জোয়ারে ভাসছেন। ‘সালার’-এ প্রভাসের বিপরীতে তাকে বেশ লাস্যময়ী রূপেই দেখা গেছে। সিনেমাটি নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে এক সাক্ষাৎকারে শ্রুতি বলেন, ‘আমি মনে করি, সিনেমা, সংগীত, ভিন্ন ধরনের টেলিভিশন শো ও বিচিত্র বিষয়ে রচিত বই আছে আমাদের সামনে। এর কোনোটি নৃশংসতা নিয়ে কাজ করে, কোনোটিতে তা থাকে না। আমি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি আর সেখান থেকেই দর্শককে বলব যে তার জানা উচিত, সে কী দেখছে বা দেখবে। তবে ছবিটি শুরু থেকেই দর্শক লুফে নিচ্ছে, এটা আমার জন্য ভীষণ আনন্দের।’

সালারে শ্রুতি হাসানের চরিত্রের নাম আদ্যা। সিনেমার প্রথম পর্বে তার চরিত্র খুব বড় নয়। সে খানসার নামক জায়গার গল্পটা শোনে এবং কোনোভাবে সেখানে গিয়ে পৌঁছায়। তবে শ্রুতি জানান, পুরো গল্পে তার চরিত্রটির বিশেষ গুরুত্ব আছে।