আড়াইহাজার

২৩ ব্যক্তিকে ভোটে দায়িত্ব না দেওয়ার আবেদন

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে সম্ভাব্য ২১ প্রিসাইডিং ও দুজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তার নাম উল্লেখ করে তারা ‘রাজনীতিতে যুক্ত’ দাবি করে আসন্ন ভোটে তাদের ভোটকেন্দ্রের দায়িত্বে না দিতে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত আবেদন জানিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী।

গতকাল বুধবার আবেদন প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন লাঙ্গলের প্রার্থী আলমগীর সিকদার লোটন। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে গত মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন জমা দিয়েছি।’

আবেদনে তিনি উল্লেখ করেন, ‘অভিযোগ, উল্লিখিত ব্যক্তিরা গত স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনে প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করে “বিতর্কিত” হয়েছিলেন। কারণ, তারা আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে রাজনীতি করে থাকেন এবং সরাসরি রাজনৈতিক কর্মী। তা ছাড়া গত ২৫ ডিসেম্বর তাদের মধ্যে ৯ জন খাগকান্দা এলাকায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে নৌকার পক্ষে ভোট চেয়েছেন।’

তিনি আবেদনে আরও উল্লেখ করেন, ‘এসব ভোটগ্রহণ কর্মকর্তাকে একাধিকবার এমপি বাবুর (বর্তমান সাংসদ) সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে। এমপি বাবু এবার নৌকার মনোনয়ন পাওয়ার পর এসব শিক্ষক ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। কেউবা দুই আডুল উঁচিয়ে ভি-চিহ্ন দেখিয়েছেন। ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় এসব দলকানা শিক্ষকদের বিভিন্ন ছবি প্রকাশিত হয়েছে। এ ছাড়া, দুজন প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ও ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি, যা আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক পেজ থেকে জানতে পেরেছি। ওই কর্মকর্তারা নৌকার পক্ষে ভোট চাইছেন।’