ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় ৩৩টি গরু মারা গেছে। ওই ট্রলারে থাকা গরুর বেপারি জসিম (৪০) ও তার ভাগিনা সিয়াম (১২) নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার ভোরে উপজেলার মধুরচর এলাকায় গরুবোঝাই ট্রলারটি ডুবে যায়।
ট্রলারে থাকা এক ব্যক্তি জানান, পাশের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কয়েকজন গরু ব্যবসায়ী ফরিদপুরের টেপাখোলা বাজার থেকে ৬৩টি গরু কিনে ট্রলারে করে গতকাল ভোর ৪টার দিকে সিএমবিঘাট হয়ে দোহারের মেঘুলা ঘাটে যাচ্ছিলেন।
দোহারের সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় এলে ট্রলারের তলা ছিদ্র হয়ে পানি ঢুকতে থাকে। মাঝি বিষয়টি বুঝতে পেরে ট্রলারটি নদীর তীরে ভেড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন। ৬৩টি গরুসহ ট্রলারটি ডুবে যায়। সকালে স্থানীয়রা ৩০টি গরু জীবিত উদ্ধার করেন। বাকি ৩৩টি গরু সকাল ১০টার মধ্যে মৃত উদ্ধার করা হয়।
ট্রলারডুবির সংবাদ পেয়ে দোহার থানা ও দোহারের কুতুবপুর নৌপুলিশ, ফুলতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে যায়।
দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার জানান, ঢাকা থেকে টিম এসে উদ্ধার কার্যক্রম চালায়। তবে গতকাল সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই দুই ব্যক্তির খোঁজ মেলেনি।