গত এক বছরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের পাঁচটি সেন্টারের ২০টি বিভাগে ৪১ হাজার ৫৯৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এ সময় পাঁচটি বিভাগে ল্যাবরেটরি সার্ভিসেসের আওতায় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে ৯১ হাজার ৯৫২টি। গতকাল বুধবার সুপার স্পেশালাইজড হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন হাসপাতালের অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মো. রসুল আমিন।
বার্ষিক প্রতিবেদনে বলা হয়, হাসপাতালের পাঁচটি সেন্টারের ২০টি বিভাগে গত এক বছরে ৪১ হাজার ৫৯৬ জন রোগী সেবা নিয়েছেন। এ সময় বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি, ভাইরোলজি, হেমাটোলজি ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগÑ পাঁচ বিভাগে পরীক্ষা করা হয়েছে ৯১ হাজার ৯৫২টি। রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে পরীক্ষা হয়েছে ৬ হাজার ৮৭০টি। এর মধ্যে ১ হাজার ৮৭৭টি এমআরআই, ১ হাজার ১০৭টি সিটি স্ক্যান, ২৯টি বিএমডি, ১ হাজার ৮০৯টি আল্ট্রাসনোগ্রাফি, ২ হাজার ৪৭টি এক্স-রে ও একটি মেমোগ্রাফি করা হয়েছে।
কার্ডিওভাসকুলার অ্যান্ড স্ট্রোক সেন্টারের আওতায় ৩ হাজার ৯৭২টি এবং হেপাটোবিলিয়ারি, হেপাটোলজি অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের আওতায় ১ হাজার ২৫টি পরীক্ষা করা হয়েছে।
এই এক বছরে এই হাসপাতালে কিডনি ডিজিজ অ্যান্ড কিডনি ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের আওতায় ডায়ালাইসিস হয়েছে ২৭৯টি ও ১৬টি কিডনি ট্রান্সপ্ল্যান্ট।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘কোনো রোগী যেন চিকিৎসা নিতে দেশের বাইরে না যায়, সেই স্বপ্নপূরণে দেশের মধ্যেই সব রোগের চিকিৎসা দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডা. আব্দুল্লাহ আল হারুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, সুপার স্পেশালাইজড হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান কনসালট্যান্ট অধ্যাপক ডা. একেএম ফজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডা. শাহ নিজাম উদ্দিন শাওন।