নৌকার পক্ষে ভোট চাইলেন বিজয়নগর উপজেলা চেয়ারম্যান

জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযুদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর জন্য নৌকায় ভোট চেয়েছেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। গতকাল বুধবার বেলা ৩টার দিকে উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে নৌকার পথসভায় বক্তব্য দিয়ে ভোট চান তিনি। এ সময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এবং আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

পথসভায় উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী তার বক্তব্যে বিজয়নগরের উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট চেয়ে বলেন, ‘আমাদের উপজেলায় বিগত দিনে যে কাজ (উন্নয়ন) হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। ভবিষ্যতে যেন আরও উন্নয়ন হয় তার জন্য নৌকা প্রতীকে ভোট দেওয়া দরকার। আমরা সাধ্যমতো চেষ্টা করব নৌকাকে জয়যুক্ত করার জন্য।’

পথসভায় নৌকা প্রতীকে ভোট চেয়ে আরও বক্তব্য দেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা, সিনিয়র সহসভাপতি জসিম মাহমুদ, জেলা পরিষদের সদস্য বাবুল আক্তার, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা ম প স তাবরীজ সরকার প্রমুখ।