ভোটের জন্য প্রস্তুত পুলিশ : ডিএমপি কমিশনার

নির্বাচন কমিশনের অধীনে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে পুলিশসহ অন্যান্য সংস্থা প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ৭ তারিখের ভোট সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। এতে পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি রয়েছে। পাশাপাশি আনসার ও বিজিবিও প্রস্তুত। এর একপর্যায়ে সেনাবাহিনীও সিভিল প্রশাসনকে সহযোগিতার জন্য মাঠে নামবে।

গতকাল বুধবার রাত ৯টার দিকে মোহাম্মদপুর রায়েরবাজার বধ্যভূমি এলাকায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, নির্বাচন যেন অবাধ ও শান্তিপূর্ণ হতে পারে। এর জন্য নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছে, এখনো দিচ্ছে। নির্বাচন কমিশনের প্রতিনিধি রিটার্নিং অফিসার প্রতি জেলায় রয়েছে। ঢাকা মহানগর এলাকায়ও রয়েছে। এর মধ্যে যেখানে যে ধরনের সমস্যা হচ্ছে, সেটা সমাধানের জন্য শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করছে।