ইএমই কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৩ গতকাল বুধবার সকালে নীলফামারী জেলার সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। এ সময় সেনাপ্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত ইএমই কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যে এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। বক্তব্যের শুরুতেই তিনি স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক দিকনির্দেশনা ও সব ধরনের সহায়তার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। একইসঙ্গে তিনি স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী ইএমই কোরের বীর সেনানীসহ সব বীর মুক্তিযোদ্ধাদের। সেনাবাহিনী প্রধান ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা উল্লেখ করেন। পাশাপাশি আন্তর্জাতিক পরিম-লে ইএমই কোরের ভূমিকার প্রশংসা করেন এবং কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান।