‘ভীতি প্রদর্শন ও হুমকি’

এমপি জাফরের বিরুদ্ধে সিইসিকে চিঠি সৈয়দ ইবরাহিমের

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য (এমপি) জাফর আলমের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন ওই আসনের কল্যাণ পার্টির মনোনীত প্রার্থী এবং দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।  গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ-সংক্রান্ত অভিযোগপত্র দিয়েছেন সৈয়দ ইবরাহিম। অভিযোগপত্রের সঙ্গে ‘প্রচারে বাধাদানকারীদের’ একটি তালিকাও পাঠিয়েছেন তিনি।

অভিযোগপত্রে ইবরাহিম বলেন, ‘কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র পদপ্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাফর আলম বিগত পাঁচ বছরে চকরিয়া ও পেকুয়া উপজেলাকে তার মদদপুষ্ট অস্ত্রধারী সন্ত্রাসীদের অভয়াশ্রমে পরিণত করেছেন। তিনি সন্ত্রাসীদের রাজনৈতিক দলীয় পদে বসিয়েছেন এবং সাধারণ মানুষকে জিম্মি করে তাদের জনপ্রতিনিধি বানিয়েছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তাকে (জাফর আলম) ভোট দেওয়ার জন্য তার মদদপুষ্ট জনপ্রতিনিধি (ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান) ও দলীয় রাজনৈতিক পদধারী সন্ত্রাসীদের মাধ্যমে আমার কর্মী ও সমর্থকদের নিয়মিত ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করছে। এ সন্ত্রাসীরাই আবার আমার ও দলের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং অভিযোগ করছে। এতে আমার ও আমার দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।’