সাম্রাজ্যবাদবিরোধী জোট গঠন করতে চান কিম জং উন

সামরিক বাহিনীকে পারমাণবিক কর্মসূচি গতি বৃদ্ধিসহ যুদ্ধের প্রস্তুতিকে "বেগবান" করার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এই প্রস্তুতিকে যুক্তরাষ্ট্রের সংঘাতমূলক পদক্ষেপের মোকাবিলা হিসেবে অভিহিত করেছেন কিম।

বৃহস্পতিবার দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির এক বৈঠকে বক্তৃতার সময় এ নির্দেশ দেন কিম। বৈঠকে সামরিক বাহিনী, গোলাবারুদ শিল্প, পরমাণু প্রকল্প এবং বেসামরিক প্রতিরক্ষা— প্রতিটি খাতকে যুদ্ধ বিষয়ক প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দেন তিনি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এর বরাতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

যদিও এই যুদ্ধের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি দেশটির রাষ্ট্রীয় গনমাধ্যমটি।

বৈঠকে কিম বলেন যে, যুক্তরাষ্ট্রের উত্তর বিরোধী মনোভাব ও দ্বন্দ্বের কারণে উপদ্বীপটিতে সামরিক পরিস্থিতি দিন দিন "চরম" হয়ে উঠছে।

এ সময় যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিভিন্ন দেশের সমন্বয়ে একটি কৌশলগত জোট গঠনের আগ্রহ প্রকাশ করেন উত্তর কোরিয়র সর্বোচ্চ এই নেতা। সম্ভাব্য সেই জোটের নাম ‘সাম্রাজ্যবাদবিরোধী জোট’ দিতে চান তিনি।

এই লক্ষ্যে রাশিয়ার সাথে সম্পর্ক গভীর করছে উত্তর কোরিয়া এবং চলতি বছর মস্কো সফরে গিয়েছিলেন কিম জং উন। বুধবারের সভায় তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে তিনি সম্পর্ক আরও গভীর করতে চায় উত্তর কোরিয়া। এ লক্ষ্যে ‘সাম্রাজ্যবাদ বিরোধী’ বিভিন্ন স্বাধীন দেশের সমন্বয়ে একটি কৌশলগত জোট করার পরিকল্পনাও রয়েছে তার।

বৈঠকে আসন্ন ২০২৪ সালে অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনের ওপরও জোর দিয়েছেন কিম জন উন। সেই লক্ষ্যে দেশটির কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া কৃষি উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট প্রশাসনকে পদক্ষেপ নিতেও বলেছেন উত্তর কোরিয়ার এই সর্বোচ্চ নেতা।