:-
ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের মিছিলে খেলনা পিস্তল হাতে ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামান তানভীরকে দেখা গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের আনন্দ বাজারে নৌকা প্রার্থীর নির্বাচনী কেন্দ্র রয়েছে। প্রতিদিন বিকেল হলেই তার কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে সেখানে জড়ো হয়। বুধবার সন্ধ্যায় অন্যান্য দিনের মতো একদল যুবক মিছিল নিয়ে সেখানে যায়। এ সময় সামনে নেতৃত্ব দেওয়া এক তরুণের হাতে দুটি পিস্তল দেখা গেছে। মিছিলের সময় ওই পিস্তল উঁচিয়ে তিনি নৌকার স্লোগান দিতে থাকেন।
উপজেলার চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক ভূইয়া বলেন, অস্ত্রধারি এই যুবক ইউনিয়ন বা ওয়ার্ড আওয়ামী লীগের সাথে জড়িত নেই। তার দায়ভার আমরা নিবো না।।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মজিদ জানান, অস্ত্র প্রদর্শনকারী ওই যুবককে রাতে আটক করা হয়েছে। তার হাতে থাকা পিস্তল দুটি উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।