ইউটিউব দেখে এটিএম কার্ড ছাড়াই টাকা তুলে নিলেন যুবক!

জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ— সবই এখন ইউটিউবের বদৌলতে চোখের সামনে। সেই ইউটিউব থেকেই কীভাবে এটিএম জালিয়াতি করতে হয় তার পাঠ মিলেছিল। এরপরই জালিয়াতিতে হাত পাকাতে শুরু করেন দুই যুবক। তবে শেষ রক্ষা হয়নি। এটিএমে কার্ড ছাড়াই টাকা তুলে নেওয়ার সময় ধরা পড়েন একজন। আরেক যুবক পলাতক।

ঘটনাটি ভারতের ঝাড়খণ্ডের গিরিডির। গ্রেপ্তার যুবকের নাম সঞ্জীব কুমার। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ইউটিউব দেখে এটিএম জালিয়াতিতে হাত পাকিয়েছিলেন তিনি।

গিরিডির পুলিশ সুপার দীপক কুমার শর্মা বলেন, বিহারের বাসিন্দা সঞ্জীবের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল সঞ্জয় নামে আরেক যুবকের। কীভাবে দ্রুত অর্থ উপার্জন করা যায়, তা নিয়ে ফন্দি আঁটে তারা। একপর্যায়ে ইউটিউব দেখে কার্ড ছাড়া এটিএমের ভিতর থেকে টাকা তোলার কৌশল শিখে নেয়।

গ্রেপ্তার সঞ্জীব জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, এটিএম জালিয়াতির সময়ে যাতে তাদের দেখা না যায় সেই প্রযুক্তি ইউটিউব থেকেই রপ্ত করেছিলেন তারা। তবে এটিই প্রথম নয়, এর আগেও এটিএম জালিয়াতি করেছিলেন তারা। 

পুলিশে জানিয়েছে, ঘটনার দিন গিরিডির একটি এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন স্থানীয় এক বাসিন্দা। ১০ হাজার রুপি তোলার চেষ্টা করেন তিনি। টাকা না পেয়ে পাশের অন্য একটি এটিএমে যান ওই ব্যক্তি। যাওয়ার সময় নিজের এক পরিচিতকে আগের এটিএমের  সামনে দাঁড় করিয়ে রাখেন। তিনিই সঞ্জীব ও সঞ্জয়কে জালিয়াতি করে এটিএম বুথ থেকে টাকা তুলতে দেখেন।