ঢামেকে রোগীর স্বজনকে বোকা বানিয়ে টাকা নিয়ে পালাচ্ছিল প্রতারক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর স্বজনদের প্রতারিত করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে ওই ছিনতাইকারীকে টাকাসহ আটক করতে সক্ষম হয়েছে আনসার সদস্যরা। তার নাম ফারুক মিয়া (৩০) বলে জানা গেছে। বাড়ি গাইবান্দার সুন্দরগঞ্জ থানা।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতালটির পুরাতন ভবনের নিচ তলায় এই ঘটনা ঘটে।

হাসপাতালটির ১০৯ নম্বর ওয়ার্ডে অতিরিক্ত ১২ নম্বর বিছানায় ভর্তি মিনারা বেগম (৫৫)। তার স্বামী ভুক্তভোগী খোরশেদ আলম জানান, তাদের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। স্ত্রীর শরীরে ফোড়া হওয়ায় ৩দিন আগে তাকে নিয়ে হাসপাতালে আসেন তিনি। বুধবার রাতে মিনারার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর তাকে ১০৯ নম্বর ওয়ার্ডেই রাখা হয়।

তিনি জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই যুবক তাদের বেডের কাছে এসে বলে, একটি নাম উল্লেখ করে সে জানায় এটি তার বাবার নাম। সে তাদের আত্মীয় হয়। সে নিজে এই হাসপাতালে চাকরি করে। এরপর  তাদের সাথে আলাপ জমায়। তখন সে বলে, তিনি চাইলে ডাক্তারকে বলে তাদের সব পরিক্ষা নিরীক্ষা ফ্রি করিয়ে দিতে পারে।

খাতির জমে গেলে এরপর খোরশেদকে বলে, তার সাথে ২য় তলায় ডাক্তারের কাছে যেতে। তবে তার সাথে টাকা পয়সা থাকলে তা তার স্ত্রীর কাছে রেখে যেতে। ২য় তলায় গিয়ে ডাক্তারের কাছে যেনো বলেন, তাদের কাছে কোনো টাকা পয়সা নেই। চিকিৎসা করাতে হিমশিম খেতে হচ্ছে।

সেই কথা মতে খোরশেদের কাছে থাকা ১৬ হাজার ৫শ টাকা তার স্ত্রীর হাতে দিয়ে তিনি ওই যুবকের সাথে ২য় তলায় যান। তবে ২য় তলায় উঠার পর ওই যুবক তাকে বলে, আপনি এখানে দাড়িয়ে থাকেন, আমি ভেতর থেকে এখনই আসতেছি। এই বলে খোরশেদকে সেখানে রেখে সে কিছুদূর সামনে গিয়ে সিড়ি দিয়ে আবার নিচে নেমে যেতে থাকে। দূর থেকে এটি দেখে খোরশেদের সন্দেহ হলে তিনিও পিছুপিছু নিচে নেমে যান। তবে এরপর আর তাকে দেখতে পাচ্ছিলেন না। তখন ১০৯ নম্বর ওয়ার্ডে ফিরে যাওয়ার সময় দেখেন, ওই যুবক তাদের ওয়ার্ড থেকে বের হচ্ছে। খোরশেদকে দেখেই সে দৌড় দেয়। পিছু পিছু দৌড় দেন খোরশেদ। তখন তার ডাকচিৎকারে হাসপাতালের আনসার সদস্যরা তাকে ধরে ফেলেন।

তখন জানতে পারেন, খোরশেদের কথা বলেই তার স্ত্রী মিনারার কাছ থেকে তার রেখে যাওয়া সেই ১৬ হাজার ৫শ টাকা কৌশলে নিয়ে সে পালিয়ে যাচ্ছিলো।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, প্রতারণার মাধ্যমে টাকা ছিনতাইয়ের পর হাতেনাতে ওই যুবককে আটক করেছে ভুক্তভোগী ও আনসার সদস্যরা। তার কাছ থেকে ১৬ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হচ্ছে।