নেত্রকোণা-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান বলেছেন, ট্রেনে আগুন দিয়ে মায়ের কোলে শিশুকে পুড়িয়ে হত্যা করা এটি খুব বর্বরতা এবং নৃশংসতা। আমি বলবো না সবাই খারাপ। তবে এ রকম দুর্বৃত্তায়ন মেনে নেওয়া যায় না।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পাইকরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনের সভায় তিনি এসব কথা বলেন।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে কেউ আওয়ামী লীগ-বিএনপি, জাতীয় পার্টি বা জাসদ করবে। কিন্তু ভোট প্রদানের ক্ষেত্রে কেউ বাধাগ্রস্থ বা নৃশংসতা করলে তাকে আইনের রক্ষাকবচকারীদের হাতে সোপর্দ করবেন। আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে নৌকায় ভোট প্রদান করবেন।
ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক শহিদ ইকবাল, জেলা আওয়ামী লীগের সদস্য তোফায়েল আহমেদ।