‘মোদি রাশিয়ায় এলে খুশি হব’ জয়শঙ্করকে পুতিন

পাঁচ দিনের সফরে মস্কোর মাটিতে পা রেখেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সফরের তৃতীয় দিনে ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গুরুত্ব পেয়েছে ইউক্রেন প্রসঙ্গও।

জয়শঙ্করকে পুতিন বলেছেন, ‘আমাদের বন্ধু মোদি রাশিয়ায় এলে আমরা খুবই খুশি হব। আমি জানি মোদি শান্তিপূর্ণ ভাবে ইউক্রেন সংকট মেটাতে চান। এখন বিষয়টির গভীরে যেতে হবে।’ খবর ডয়চে ভেলের।

পুতিনের সঙ্গে বৈঠকের পর জয়শঙ্কর বলেন, আগামী বছর পুতিন ও মোদির শীর্ষবৈঠক হবে বলে তিনি আত্মবিশ্বাসী। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গেও বৈঠক করেন তিনি।

এছাড়া আর্থিক সহযোগিতা নিয়ে গত মঙ্গলবার রাশিয়ার উপ প্রধানমন্ত্রী মান্তুরভের সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর। সেখানে দুই দেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে। যার মধ্যে তামিলনাড়ুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন নিয়ে একটি চুক্তি রয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রবল চাপ সত্ত্বেও ভারত এখন পর্যন্ত জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি। তারা ভোটদানে বিরত থেকেছে। আবার রাশিয়া থেকে ভারতের তেল কেনার পরিমাণও প্রচুর বেড়েছে। এ নিয়েও পশ্চিমা চাপ উপেক্ষা করেছে ভারত।