হলিউডের আলোচিত বিচ্ছেদ

‘আমন্ত্রণ প্রথম তোমার, উত্থান হয়তো আমার; বিসর্জন দ্বিতীয় আমার, বিচ্ছেদ তোমার আমার’— প্রায় দুই দশক আগে তাহসানের লেখা এই গানের মতোই এ বছরও হলিউডে ভেঙেছে সংসার, সম্পর্ক। ট্যাবলয়েডগুলো বছরজুড়েই সম্পর্কের ভাঙাগড়ার খবর দিয়েছে। চলুন জেনে নিই ২০২৩ সালে হলিউডের যত আলোচিত বিচ্ছেদ।

মেরিল স্ট্রিপ ও ডন গামার

বর্ষীয়ান অভিনেত্রী মেরিল স্ট্রিপের সাড়ে চার দশকের সংসার ভাঙার খবর মিলেছে এ বছর। গত অক্টোবরে এই খবর প্রকাশ্যে আসার আগেই মার্কিন ভাস্কর ডন গামারের সঙ্গে ৪৫ বছরের দাম্পত্যের ইতি টানেন তিনি। সূত্র জানিয়েছে, ডিভোর্সের আগে মেরিল ও গামার ছয় বছরের বেশি সময় ধরে আলাদা

থাকছিলেন। তাদের চার সন্তান সংগীতশিল্পী হেনরি ওলফে, অভিনেত্রী ম্যামি গামার, গ্রেস গামার ও লুইসা জ্যাকবসন। এছাড়া তাদের পাঁচ নাতি-নাতনি রয়েছে। ১৯৭৮ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান মেরিলের প্রথম প্রেমিক জন ক্যাজেল। সেই সময় বিষন্ন মেরিলের সঙ্গে পরিচয় হয় গামারের। ওই বছরই তারা বিয়ে করেছিলেন।

মারিয়া ক্যারি এবং ব্রায়ান তানাকা

সংগীতশিল্পী মারিয়া ক্যারি ও তার প্রেমিক নৃত্যশিল্পী ব্রায়ান তানাকা সাত বছর একসঙ্গে থাকার পর আলাদা হয়ে গেছেন। চলতি ডিসেম্বর মাসে এই খবর প্রকাশ্যে আনে পেজ সিক্স। সূত্র জানায়, ৫৪ বছর বয়সী মারিয়া এবং ৪০ বছর বয়সী ব্রায়ানের মধ্যে সন্তান নেওয়ার বিষয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। তবে ব্রায়ানের এই চাওয়ার সঙ্গে একমত ছিলেন না মারিয়া।

২০০৬ সালে মারিয়া এবং ব্রায়ানের প্রথম দেখা হয়। সে সময় মারিয়ার একটি সফরে নৃত্যশিল্পী হিসেবে সঙ্গে ছিলেন ব্রায়ান। তাদের ডিভোর্সের গুজব শুরু হয় তখনই যখন মারিয়ার সাম্প্রতিক কনসার্টগুলোতে স্বামী ব্রায়ান অনুপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে তা সত্য বলে জানা যায়।

হিউ জ্যাকম্যান এবং ডেবোরা লি

সেপ্টেম্বরে ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন ‘দ্য উলভারিন’ তারকা হিউ জ্যাকম্যান ও তার স্ত্রী ডেবোরা লি ফার্নেস। সে সময় একটি যৌথ বিবৃতিও দেন দুজন। তারা বলেন, আমরা প্রায় তিন যুগ দম্পতি হিসেবে দারুণ সময় কাটিয়েছি। আমাদের পথ এখন বদলে যাচ্ছে এবং ব্যক্তিগত সমৃদ্ধির জন্য আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরিবার আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং থাকবে। ১৯৯৫ সালে টেলিভিশন সিরিজ কোরালিতে সহশিল্পী ছিলেন হিউ জ্যাকম্যান ও ডেবোরা। শুটিংয়ের সময় থেকেই তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ১৯৯৬ সালে বিয়ে করে সংসার শুরু করেন তারা। হিউ এবং ডেবোরা দম্পতির অস্কার এবং আভা নামে দুটি সন্তান রয়েছে। দুটি সন্তানই দত্তক নেওয়া।

রামি মালিক ও লুসি বয়ন্টন

‘বোহেমিয়ান র‌্যাপসডি’র সেটে দেখা হয়েছিল অভিনেতা রামি মালিক ও লুসি বয়ন্টনের। প্রায় পাঁচ বছর একসঙ্গে থাকার পর আলাদা হয়ে গেছেন তারা। সূত্র জানিয়েছে, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ডিভোর্স নিয়েছেন রামি ও লুসি। কিছুদিন ধরে রামিকে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। তবে ডিভোর্সের বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই মন্তব্য করেননি।

নাটালি পোর্টম্যান ও বেঞ্জামিন মিলেপিড

অভিনেত্রী নাটালি পোর্টম্যান এবং বেঞ্জামিন মিলেপিডের প্রায় ১১ বছরের দাম্পত্য ভেঙেছে এ বছর। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার সিডনিতে অ্যাঞ্জেল সিটি এফসি ইভেন্টের সময় নাটালিকে বিয়ের আংটি ছাড়া দেখা যায়। এরপরেই তাদের বিচ্ছেদের গুজব ছড়ায়। পরে একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, অভিনেত্রী তার সংসার বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। তবে তিনি চান তাদের সম্পর্ক ভাঙনের আঁচড় যেন কিছুতেই শিশুদের ওপর না পড়ে। নাটালি ও বেঞ্জামিন ২০০৯ সালে ড্যারেন অ্যারোনোফস্কির থ্রিলার ‘ব্ল্যাক সোয়ান’-এ কাজ করার সময় একে অপরের কাছে আসেন। তখন থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত।

আরিয়ানা গ্রান্দে এবং ডাল্টন গোমেজ

জুলাইয়ে দুই বছরের সম্পর্কের ইতি টেনেছেন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্দে ও তার স্বামী ডাল্টন গোমেজ। অবশ্য গত জানুয়ারি থেকেই তারা আলাদা হয়ে গিয়েছিলেন। একটি সূত্র জানিয়েছে, আরিয়ানা ও ডাল্টন একসঙ্গে এই সিদ্ধান্তে নিয়েছিলেন। তারা ‘সেরা বন্ধু’ থাকতে চান। ২০২০ সালের প্রথম দিকে এই জুটিকে একসঙ্গে দেখা যায়। সে সময় খবরের শিরোনাম হন। এক বছরেরও কম সময়ের মধ্যে তাদের বাগদান হয় এবং ২০২১ সালের মে মাসে বিয়ে হয় তাদের। তবে এখনো পর্যন্ত আরিয়ানা বা ডাল্টন কেউ ডিভোর্স নিয়ে মন্তব্য করেননি।