মানববন্ধনে হাছান মাহমুদ

আশা করি লিফলেট বিতরণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

নির্বাচনবিরোধী অপতৎপরতা নজরে এনে নির্বাচন কমিশন (ইসি) ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ  করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারে এমন যেকোনো কর্মকান্ড বন্ধ করার জন্য ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের বিরুদ্ধে যে লিফলেট বিতরণ, চোরাগোপ্তা মিছিল এসব নজরে এনে কমিশন ব্যবস্থা গ্রহণ করবে। আমি মনে করি, এসব কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নির্বাচনবিরোধী অপপ্রচার, অবরোধ-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ ও বিচারের দাবিতে এ মানববন্ধন করা হয়।

নির্বাচন কমিশন ইতিমধ্যেই তাদের শক্তি, সামর্থ্য, সক্ষমতা প্রকাশ করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘কমিশন সারা দেশের বেশিরভাগ থানা-পুলিশের ওসি বদলি করেছে, ইউএনও বদলি করেছে, ডিসি বদলি করেছে। অনেক প্রার্থীকে তারা কারণ দর্শানোর নোটিস দিয়ে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। এগুলোর মাধ্যমে তাদের সক্ষমতা এবং দৃঢ়তা প্রকাশ করতে সক্ষম হয়েছে। আমি আশা করি, নির্বাচনের বিরুদ্ধে যারা এখন মিছিল-মিটিং বা লিফলেট বিতরণ করছে, এটির বিরুদ্ধেও নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’

বিএনপির নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নির্বাচন বর্জন করার যে আহ্বান জানাচ্ছে, সেদিকে কারও কোনো সাড়া নেই। তারা আগুনসন্ত্রাস চালিয়ে মানুষকে ভীত-সন্ত্রস্ত করতে চেয়েছিল, পারেনি। তাদের এই আগুনসন্ত্রাসের কারণে নির্বাচনের আমেজে কোনো ছেদ পড়েনি। মানুষ পুরোপুরিভাবে নির্বাচনমুখী।’