ঘাটাইলে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে সহিংসতায় আহত ৪

টাঙ্গাইল-৩ আসন ঘাটাইলে আওয়ামী লীগ ও স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ঘাটাইল উপজেলার লক্ষীন্দর এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বাগ-আড়া এলাকার স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সমর্থক মোঃ হামিদুল ইসলাম (৫০), আমিরুল ইসলাম (৪১), মোঃ রুহুল আমীন(৩৪) নৌকা প্রতীকের সমর্থক মোঃ জাফর আলী (৪৫) ।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার লক্ষিন্দর এলাকায় ঈগল ও নৌকা প্রতীকের সমর্থকরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়। এ সময় ঈগল প্রতীকের তিন ও নৌকা প্রতীকের একজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা বলেন,আমার কর্মীদের উপর হামলা করেছে নৌকার কর্মীরা। গত কয়েকদিন যাবতই তারা এই হামলা করে যাচ্ছে। রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে। আজকেও মৌখিকভাবে জানিয়েছি।

আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের ড. কামরুল হাসান খান অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কেমন তা সবার জানা। আমার কোন মাস্তানবাহিনী নেই। আমার প্রতিপক্ষ যে কেমন তা সবাই জানে। আজকে তারা আমার কর্মীদের উপর হামলা করেছে আমার কর্মীও আহত হয়েছে।

ঘাটাইল থানার ওসি মো: আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।