কুড়িগ্রামে ইসি রাশেদা

ভোটারদের হুমকি ধমকি দিলে শাস্তির বিধান আছে

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছে। যদি কেউ ভোটারদের বাধা দেয়, হুমকি-ধমকি দেয়, পথে-ঘাটে ঘরে-বাইরে যেখানেই হোক, এজন্য শাস্তির বিধান করা হয়েছে। ভোটাররা নির্ভয়ে নিঃসংকোচে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার হলরুমে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন জটিল-কঠিন কাজ। এটি সবার সমন্বয়মূলক সহযোগিতা করে সফল করা উচিত। কারও একার পক্ষে এ কাজ করা  সম্ভব নয়। যে যেভাবে এ কাজের সঙ্গে জড়িত তাদের সৎ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের উদ্দেশে ইসি বলেন, ঘটনা যা ঘটবে তাই প্রচার করবেন। সেটা মন্দ হোক ভালো হোক। আসল ঘটনা তুলে ধরার চেষ্টা করবেন। এ সময় রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক-ই-লাহী চৌধুরী, রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি এসএম রশিদুল হক পিপিএম, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।