‘যেহেতু আমি প্রধানমন্ত্রীর আস্থাভাজন, তোমাদের সাংবাদিকতায় আমার কিছু আসে যায় না’ বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে নৌকা প্রতীকের আলোচিত প্রার্থী শাহজাহান ওমর বীরউত্তম।
গত বুধবার সন্ধ্যায় রাজাপুর বাইপাস মোড়ে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপির সাবেক এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘কেন্দ্রে নিজেরা ঝগড়াঝাটি করবেন না, মারামারি করবেন না, নিজেরা নিজেরা ঝগড়াঝাটি কি? এতে রিপোর্ট হয়। এই দেখেন না গত পরশু দিন স্কুলশিক্ষকদের সামনে আমি বক্তব্য দিলাম, অথচ পেপারে উঠেছে আমি জোর করে শিক্ষকদের মিটিংয়ে থাকতে বাধ্য করেছি। এই যে সাংঘাতিক আছে না, সাংবাদিক। এরা এতই সাংঘাতিক সত্যকে মিথ্যা, মিথাকে সত্য বলে প্রচার করে। এখানে কি কোনো সাংবাদিক আছে? তোমরা তো আমার পেছনে লেগেই আছ। যেহেতু আমি প্রধানমন্ত্রীর আস্থাভাজন, তোমাদের সাংবাদিকতায় আমার কিছু আসে যায় না।’
শাহজাহান ওমর আরও বলেন, ‘যে ভালোবাসা রেখে একটা মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রী সম্মান করেছেন আমি তার এ আস্থা, এ ঋণ পরিশোধ করতে চাই।’