নৌকায় উঠলেন জাপার তিন শতাধিক নেতাকর্মী

দ্বাদশ জাতীয় নির্বাচনে (দোহার-নবাবগঞ্জ) ঢাকা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের হাত ধরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় পার্টি ও সহযোগী সংগঠন প্রায় তিন শতাধিক নেতাকর্মী ও সমর্থক আওয়ামী লীগে যোগদান করেছেন। বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলা কাশিমপুর নৌকার প্রচারণার কার্যালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আওয়ামী লীগে যোগ দিয়ে ঢাকা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি খন্দকার নুরুল আনোয়ার বেলাল বলেন, আমি দীর্ঘ ৪০ বছর ধরে জাতীয় পার্টি করি। ঢাকা-১ আসনের জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সালমা ইসলামের বিগত নির্বাচনে কাজ করেছি। কোনো মূল্যায়ন করেননি। এবার তিনি লাঙ্গল নিয়ে এসেছেন আমরা তার কর্মকান্ডে খুশি নই।

তাই এবার সালমান এফ রহমানকে ভালোবেসে তার উন্নয়ন দেখে আমরা মুগ্ধ হয়ে লাঙ্গল ফেলে নৌকাতে উঠলাম। আগামী দিনে যতদিন বেঁচে থাকব আওয়ামী লীগের হয়ে কাজ করব। ঢাকা জেলা ও নবাবগঞ্জ উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি রেশমা আক্তার ও নবাবগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মাহফুজ রহমান মাহফুজসহ অন্য নেতাকর্মীরা যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির ঢাকা-১ আসনের লাঙ্গলের প্রার্থী সালমা ইসলামের বিগত দিনের নানা কর্মকা-ের সমালোচনা করেন। যোগদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরে ঘরে বিদ্যুৎ দেননি। সবার ঘরে বিদ্যুতের সেবা পৌঁছে দিয়েছেন। তিনি দেশের প্রতিটি ব্যক্তির জীবনমান উন্নয়ন করেছেন।

তিনি কোনো ফাইলে সই করার আগে দেখেন জনগণের উন্নতি হবে কি না। জনগণের উন্নতি হবে সেই সমস্ত প্রকল্পের ফাইলে তিনি সই করেন। সালমান এফ রহমান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অংশগ্রহণমূলক নির্বাচন চান। আর অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে তিনি আবারও প্রধানমন্ত্রী হতে চান। সেই জন্য ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানাই। উপদেষ্টা বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের জন্য নানান ষড়যন্ত্র করছে কিন্তু দেশের মানুষ তা হতে দেবে না। বিরোধীদের অবৈধ অবরোধ হরতাল জনগণ এখন আর মানে না। বিএনপির নেতাদের এসব কর্মসূচি দেখে তাদের দলের সাধারণ নেতাকর্মীরা তাদের প্রতি নাখোশ। অসহযোগ আন্দোলন এখন তাদের দলের লোকের কাছে হাস্যকর। এ সময় সালমান এফ রহমান জাতীয় পার্টি থেকে আসা সব নেতাকর্মীকে স্বাগত জানান এবং দলের নেতাকর্মীদের যোগদানকৃতদের নিয়ে ভোটের মাঠে এক সঙ্গে কাজ করারও আহ্বান জানান।