দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে পুলিশ বাহিনীর পাশে থাকার অঙ্গীকার করেছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা এ টি আহমেদুল হক চৌধুরী এবং মহাসচিব মিয়া লুৎফর রহমান চৌধুরী যৌথ বিবৃতিতে এ অঙ্গীকার ব্যক্ত করেছেন। গতকাল বৃহস্পতিবার পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি (বিআরপিওডব্লিউএ) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামনের দিনগুলোতে নির্বাচন বিরোধীদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং নির্বাচনে সংঘর্ষজনিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দক্ষতা পুলিশ বাহিনীর রয়েছে। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি মনে করে, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ।