ভারতে ঘন কুয়াশার জন্য রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি দেশটির আবহাওয়া বিভাগের বরাত দিয়ে জানায়, শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোর ৪ টা থেকে সকাল ১০ টার মধ্যে গাড়ি নিয়ে রাস্তায় বের না হওয়ার অনুরোধ করা হয়।
এর আগে গতকাল দিল্লি বিমানবন্দর অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় প্রকারের প্রায় ১৩৪ টি ফ্লাইট বিলম্ব করেছে। আজও অধিকাংশ ফ্লাইট বিলম্ব করা হবে বলে ধারনা বিমান কর্তৃপক্ষের। বুধবার সকাল থেকে দিল্লি-সহ পুরো উত্তর ভারতের পরিস্থিতিই মোটামুটি একই। উত্তর প্রদেশের রাস্তাগুলো ঘন কুয়াশায় ঢাকা পড়ে থাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকটি গাড়ির সংঘর্ষে একজন নিহত ও আরও ১২ জন আহত হয়েছে। রাজ্যের বেরেলি এলাকায় বেরেলি-সুলতানপুর মহাসড়ক ধরে দ্রুতগতিতে চলমান একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক বাড়ি ভেঙে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে।
উত্তর প্রদেশের লখনৌ ও প্রয়াগরাজ এবং পাঞ্জাবের পাতিয়ালায় দৃশ্যমানতা ২৫ মিটার রেকর্ড করা হয়েছে আর পাঞ্জাবের অমৃতসরে দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি নেমে গেছে।