পাকিস্তানে পারিবারিক সহিংসতা এখন ‘নীরব মহামারি’

পাকিস্তানে ‘নীরব মহামারি’ হিসেবে আবির্ভূত হয়েছে পারিবারিক সহিংসতা। বিশেষ করে দেশটির পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে নারীদের ওপর শারীরিক নির্যাতনের হুমকি ৪০ শতাংশ বেড়েছে। এছাড়া স্বামী ও স্ত্রীর মধ্যে নির্যাতনের ঘটনা বেড়েছে ৪৬ শতাংশ।

সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছে পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডন।

মধ্য ও পশ্চিম এশিয়ায় কভিড-১৯ মহামারির জেন্ডার ইমপ্যাক্টস শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, জরিপে অংশ নেওয়া ১৪ শতাংশ নারী জানেন, তাদের সম্প্রদায়ের কেউ না কেউ স্বামীর কাছে শারীরিক নির্যাতনের হুমকি পেয়েছিলেন। ১৯ শতাংশ এমন কাউকে চেনেন যিনি স্বামীর হাতে শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন। আবার ২৭ শতাংশ এমন ঘটনা সম্পর্কে জানেন যেখানে শিশুরা তাদের মা-বাবার কাছে মারধরের শিকার হয়েছে।

উন্নয়ন অংশীদাররা জোর দিয়ে বলছে জীবিকা হারানো এবং বিধিনিষেধের কারণে পাকিস্তানের নারীদের বিরুদ্ধে সহিংসতার হার উল্লেখযোগ্য বেড়েছে। ফলে পাকিস্তানের মতো যেসব দেশে কৃষি নারীদের কর্মসংস্থানের অন্যতম প্রধান খাত, সেসব দেশে তাদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন।