মেলবোর্ন টেস্ট

আম্পায়ারিং ও ডিআরএস নিয়ে অভিযোগ হাফিজের

মেলবোর্ন টেস্টে ৭৯ রানে হেরেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও নেন ৫ উইকেট। ম্যাচ হারের পর বর্তমানে পাকিস্তান দলের পরিচালক হিসেবে থাকা মোহাম্মদ হাফিজ অবশ্য অভিযোগ তুলছেন আম্পায়ার ও ডিআরএস নিয়ে।

মেলবোর্নে জয়ের জন্য ৩১৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আজ চতুর্থ দিনে ২৩৭ রানে অলআউট হয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ রিজওয়ানের আউটটি নিয়ে প্রশ্ন তুলেছেন হাফিজ।

বল তাঁর গ্লাভস স্পর্শ করেনি রিজওয়ান এমন দাবিতে অনড় জানান হাফিজ। ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) প্রযুক্তি রিজওয়ানকে আউট ঘোষণা করে।

ম্যাচ শেষে হাফিজ অস্ট্রেলিয়ান এক সংবাদ মাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, দল হিসেবে আমরা কিছু ভুল করেছি। একই সময়ে আমি মনে করি ভুলভাল আম্পায়ারিং, প্রযুক্তির অভিশাপ...এমন ফল এনে দিয়েছে যেটা অন্য রকম হওয়া উচিত ছিল।'

ডিআরএস নিয়ে প্রশ্ন তুলে হাফিজ বলেন, ‘আমি প্রযুক্তির পক্ষে...কিন্তু এটা যদি সন্দেহের উদ্রেক করে এবং খেলায় অভিশাপ বয়ে আনে, তবে সেটি অগ্রহণযোগ্য। (বল স্টাম্পে লাগলে) সব সময়ই আউট। তাহলে সেটি আম্পায়ার্স কল কেন। এটা আমি কখনো বুঝতে পারব না। সমর্থকেরাও বুঝবে না এই প্রযুক্তি সব সময় সঠিক সিদ্ধান্ত দিতে পারে না কেন। তাতে ম্যাচের ফলও পাল্টায়।'

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হেরে সিরিজও হেরে গেছে পাকিস্তান। আগামী বুধবার তৃতীয় টেস্ট শুরু হবে সিডনিতে।