স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধর, থানায় জিডি

গাজীপুর-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিন বুদ্দিনের পক্ষে প্রচারণার সময় মো. বোরহান উদ্দিনকে বেধড়ক মারধর করেছে নৌকা সমর্থকরা। আহত অবস্থায় তাকে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন হাজী মাজার বস্তি সংলগ্ন হাজী সৈয়দ শাহ মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বোরহান উদ্দিন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছেন।

মো. বোরহান উদ্দিন জানান, তিনি স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিনের ট্রাক প্রতীকের সমর্থক। দুইটার দিকে তিনিসহ তার সহকর্মী টঙ্গী পশ্চিম থানাধীন হাজী মাজার বস্তি সংলগ্ন হাজী সৈয়দ শাহ মসজিদে জুমার নামাজ শেষে ট্রাক মার্কার হ্যান্ড পোস্টার বিতরণ করছিলেন।

এ সময় নৌকা সমর্থক স্থানীয় মো. আমিনুল ইসলাম স্বপন (৩৮), মো. ইসমাইল হোসেন (৪২), মো. খোকন (৩৫), মো. রুবেল (২৭), মো. মনির হোসেন (২৭), ইমান আলী (৬০), মমিন (৬৫) ও রবিউল ইসলাম বাবুর (৩২) সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বোরহান উদ্দিন ও সঙ্গী মো. নুরে আলমকে এলোপাতাড়ি কিলঘুষি মারে। নুরে আলমের ডান হাতে আঘাত করলে গুরুত্বর জখম হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছেন।