অপরাধ প্রমাণিত লামিচানের

ধর্ষণ মামলায় নেপালের সাবেক অধিনায়ক সন্দীপ লামিচানের বিপক্ষে অভিযোগ প্রমাণিত হয়েছে। শুক্রবার কাঠমান্ডুর ডিস্ট্রিক্ট কোর্ট এ মামলায় তাকে দোষী সাব্যস্ত করেন। বিচারপতি শিশির রাজ ধকলের এক সদস্যের বেঞ্চ এ রায় দেন। গত রবিবার থেকে শুরু হওয়া শুনানী শেষে এ রায় দেন।

ধর্ষণের সময় মেয়েটি অপ্রাপ্তবয়স্ক ছিল না বলেও রায় দিয়েছেন আদালত। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে,  পরবর্তী শুনানিতে কারাভোগের মেয়াদ সম্পর্কে রায় দেবেন আদালত। লামিচানে বর্তমানে জামিনে রয়েছেন।

কাঠমান্ডুর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস গত বছরের ২১ আগস্ট লামিচানকে আসামী করে ১৭ বছর বয়সী অপ্রাপ্তবয়ষ্ক মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে।

মেয়েটিও ৬ সেপ্টেম্বর গৌশালা মেট্রোপলিটন পুলিশ সার্কেলে নিজেই অভিযোগ দায়ের করেন। হোটেল কক্ষে তার সঙ্গে এ ঘটনা ঘটেছিল বলে অভিযোগপত্রে জানানো হয়।

এতদিন ধরে শুনানী চলার পর অবশেষে আদালত লামিচানেকে দোষী সাব্যস্ত করে এ মামলায় রায় দিলেন।