বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কাছে থেকে একনজর দেখার ইচ্ছা ছিল সুজন পালের। সে কারণে তিনি বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে সেখানে চিকিৎসাধীন খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টা করেছিলেন। তার একটি ছবি তুলতে চেয়েছিলেন তিনি। জিজ্ঞাসাবাদে সুজন এমনটাই বলেছেন বলে জানিয়েছে পুলিশ।
গত ২৩ ডিসেম্বর বিকেলে খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টাকালে সুজন পালকে আটক করে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। তাকে ভাটারা থানায় সোপর্দ করা হয়। আদালতের অনুমতিতে সুজনকে তিন দিন জিজ্ঞাসাবাদ করেছে ভাটারা থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার আবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।
আজ শুক্রবার ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রিমান্ডে সুজন পুলিশ কর্মকর্তাদের বলেছেন, তার বাড়ি ফরিদপুরের সদরপুরের চরচাঁদপুরে। খালেদা জিয়াকে কাছে থেকে একনজর দেখার খুব ইচ্ছা ছিল তার। সেদিন তিনি খালেদা জিয়ার ছবি তুলতে তার কেবিনে ঢুকতে চেয়েছিলেন। এর আগেও একবার খালেদা জিয়াকে দেখতে তিনি এই হাসপাতালে এসেছিলেন।
ওসি মাইনুল ইসলাম জানান, তিনি দুই মাস ধরে ঢাকার একটি মেসে থাকেন সুজন। তিনি বেকার। গ্রামের বাড়ি থেকে টাকা এনে তা দিয়ে চলতেন।