আলোচিত ৭ অভিনয়শিল্পী (নাটক)

নামের মতোই অপূর্ব

অন্যান্য বছরের চেয়ে এ বছর নাটকে তুলনামূলক কম দেখা গেছে জিয়াউল ফারুক অপূর্বকে। বছরের শেষান্তে ‘পথে হলো দেরী’ নাটক দিয়ে নতুন আলোচনার জন্ম দেন। ভক্ত থেকে শুরু করে সমালোচকরাও প্রশংসা করেন নাটকটির। এ ছাড়া এ বছর তার কাছের মানুষ, প্রিয় পরিবার, বহিরাগত, কদমবনে বৃষ্টি, একটি ভুল ও ফুলের গল্প, পথে হলো পরিচয় নাটকগুলো নিন্দুকের মুখেও প্রশংসা ফোটায়। বছর জুড়ে ছিলেন নামের মতো করেই।

তৌসিফের নতুন জন্ম

এ বছর নতুন এক তৌসিফ মাহবুবের জন্ম হয়েছে ইন্ডাস্ট্রিতে। ‘কাজলের দিনরাত্রি’ দিয়ে বছর শুরুতেই আলোচনায় আসেন। এরপর মেময়ার অব লাভ নাটকে তার অভিনয় ক্যারিয়ারসেরা বিবেচিত হয়। এ ছাড়া কাছের মানুষ, উড়াল পাখি, শেষ ঘুম নাটক দিয়ে সমালোচকদের নজর কাড়েন।

অচেনা এক জোভান

কবর নাটকে অচেনা এক জোভানকে পেয়েছেন দর্শক। গড়পড়তা ইমেজের বাইরে এসে ব্যাপক প্রশংসিত হন। এ ছাড়া নোঙর, ভালোবাসার তিন দিন, লাভ সেমিস্টার, ক্রাশ অ্যান্ড কনফেশন নাটকগুলো দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

না থেকেও ছিলেন মেহজাবীন

ওটিটির ব্যস্ততায় এ বছর নাটকে প্রায় অনুপস্থিত ছিলেন মেহজাবীন চৌধুরী। তবে দর্শকদের নিরাশ করেননি। না থেকেও যেন ছিলেন তিনি। তিনটি কাজ নিয়ে হাজির হয়ে বছর জুড়েই ছিলেন আলোচনায়। অনন্যা, পুনর্জন্ম অন্তিম পর্ব, কাজলের দিনরাত্রি নাটকগুলো নিয়ে সর্বত্রই চর্চায় ছিলেন এই অভিনেত্রী।

তিশার উপস্থিতির জানান

আলোচনা-সমালোচনার ভিড়েও কাজ দিয়ে নিজের উপস্থিতির জানান দিয়েছেন তানজিন তিশা। পুতুলের সংসার দিয়ে সমালোচকদের নজর কাড়েন, হন প্রশংসিত। এ ছাড়া তার মেময়ার অব লাভ, শরবত, নীল অপরাজিতা নাটকগুলো ছিল বছর জুড়ে আলোচনায়।

জীবন্ত সংলাপে জীবন

পরিচালকের বাইরে অভিনেতা হিসেবে নিজস্ব স্বকীয়তা তৈরি করে ফেলেছেন শরাফ আহমেদ জীবন। কিডনি নাটকে তার একটি সংলাপ দেশব্যাপী ছড়িয়ে পড়ে, যা নিয়ে বেশ চর্চা হয়। এর বাইরে কিডনি ও বিদেশ দিয়েও আলোচনায় ছিলেন তিনি।

সব ঋতুতেই পলাশ

জিয়াউল হক পলাশকে এ বছর দেখা গেছে তিনটি নাটকে। অভিনয় কিংবা সংলাপ দুইয়েই আলোচিত ছিলেন এই অভিনেতা। চলতি বছর তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে ফিমেল ৩, কিডনি ও বিদেশ।