মহাসড়কের পাশে সুটকেসে ছিল কিশোরীর লাশ

ঢাকা-মাওয়া হাইওয়ের রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সুটকেসের ভেতর থেকে অজ্ঞাত (১৪) এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে ধলেশ্বরী টোল প্লাজার পার্শ্ববর্তী আব্দুল্লাহপুর ভাওয়ার ভিটি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে পথচারীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় নীল রঙের একটি সুটকেস পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। নিম্নাঙ্গসহ নিহতের শরীরে অসংখ্য আঘাত এবং মাথার মাঝখানে ক্ষত চিহ্ন রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটি কিশোরী হওয়ায় তার ফিঙ্গারপ্রিন্ট এনআইডি সার্ভারে পাওয়া যায়নি। লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।