মিকি মাউসের কান হবে কুকুর-বিড়ালের— চীনে প্লাস্টিক সার্জারির রমরমা ব্যবসা!

চীনে পোষ্য কুকুর-বিড়ালের কান মিকি মাউসের মতো করতে প্লাস্টিক সার্জারির দ্বারস্থ হচ্ছেন অনেকেই। এ ধরনের প্লাস্টিক সার্জারি করা বেশ কিছু ক্লিনিক এখন রমরমা ব্যবসা করছে, যা মনে ধরেছে নেটিজেনদেরও। খবর সাউথ চায়না মর্নি পোস্টের।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পশ্চিম চীনের একটি ক্লিনিক সম্প্রতি পোষ্যদের প্লাস্টিক সার্জারি করার বিষয়ে বিজ্ঞাপন দিয়েছে। চাইনিজ স্প্রিং ফেস্টিভ্যালের আগে পোষ্যদের সাজিয়ে তোলার জন্য বিশেষ অফারও দেওয়া হয় বিজ্ঞাপনে। চীনা মুদ্রায় তা করাতে খরচ হবে ৩০০ ইউয়ান বা ৪০ মার্কিন ডলার।

কুকুর বা বিড়ালকে অজ্ঞান করে এই সার্জারি করা হয়। আর তা করতে আধঘণ্টার মতো সময় লাগে। চীনে পোষ্যদের অস্ত্রোপচার অবৈধ নয়। তবে দেশটির খ্যাতনামা পশু হাসপাতালে এই সার্জারি হয় না। বিশেষজ্ঞরা পোষ্যদের ওপর শারীরিক এবং মানসিক নির্যাতনের বিষয়ে সতর্ক করেছেন এবং এই প্রবণতা বন্ধের আহ্বান জানিয়েছেন।

এমনিতে চীনে প্লাস্টিক সার্জারির হার অনেক বেশি। প্লাস্টিক সার্জারির দ্বিতীয় বৃহত্তম বাজার চীনেই। এ ব্যাপারে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়াও।