আবদুর রহমানের পক্ষে ভোট চাইতে ফরিদপুরে মাশরাফী 

ফরিদপুর-১ আসনে (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আওয়ামী লীগের প্রার্থী আবদুর রহমানের জন্য গণসংযোগ করে ভোট চেয়েছেন ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা। আবদুর রহমান আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য।

গতকাল শুক্রবার মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে বোয়ালমারী উপজেলার সহ¯্রাইল বাজারে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এক পথসভায় বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফী। তিনি বলেন, ‘শেখ হাসিনার নৌকা মার্কায় আপনারা ভোট দিয়ে দেশের উন্নয়নে অংশ নিন। আপনারা ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানকে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিন।’

উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজার পরিচালনায় এ সভায় স্বাগত বক্তব্য দেন নৌকা প্রতীকের প্রার্থী আবদুর রহমান।