আজিমপুর থেকে অপহৃত যুবককে ঢাবির হল থেকে উদ্ধার

রাজধানীর আজিমপুর থেকে অপহৃত এক যুবককে ঢাবির শাহনেওয়াজ হল থেকে উদ্ধার করেছে পুলিশ। তার নাম মেহেদী হাসান। তিনি আজিমপুর এলাকায় বসবাস করেন।

গতকাল শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, মেহেদীর মামা থানায় এসে অভিযোগ করেন তার ভাগ্নেকে আজিমপুর এলাকা থেকে অপহরণ করা হয়েছে। তাকে আটকে রেখে টাকা দাবি করা হচ্ছে। পরে মোবাইলের সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হল থেকে তাকে উদ্ধার করি। তবে এই ঘটনায় কেউ আটক নেই।

ওসি হেলাল আরও বলেন, মেহেদীকে আহত অবস্থায় উদ্ধার করেছি। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অপহরণের কারণ জানতে কথা বলা হচ্ছে।