ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসেবে ভারত বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। তিনি বলেন, একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল জাতি হিসেবে বাংলাদেশের স্বপ্নকে সমর্থন করে যাবে ভারত।
শুক্রবার (২৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন দেশটির মুখপাত্র।
বিরোধী দল বিএনপির মুখপাত্র অভিযোগ করেছে ভারত বাংলাদেশের নির্বাচনে প্রভাব খাটাচ্ছে, কেননা ভারত চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্নির্বাচিত হোক— এমন প্রশ্নের জবাবে অরিন্দম বাগচি বলেন, নির্বাচন সে দেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের নির্বাচনী ভাগ্য সে দেশের জনগণই ঠিক করবেন। অন্য কেউ নন। অন্য কোনো দেশের নীতি নিয়ে ভারত মন্তব্য করে না। বিএনপির মুখপাত্র কী বলেছেন, সে বিষয়ে আমি কথা বলতে চাই না।
অরিন্দম বাগচি আরও বলেন, ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসেবে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত। বাংলাদেশ প্রগতিশীল, শান্তিপূর্ণ ও স্থিতিশীল থাকুক— এটাই ভারতের চাওয়া।
বাংলাদেশে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ভারতে সাম্প্রতিক বহুল আলোচিত সফর সম্পর্কে জানতে চাইলে বাগচি বলেন, তিনি মার্কিন রাষ্ট্রদূতের ভারত সফর নিয়ে মিডিয়া রিপোর্ট দেখেছেন।
তিনি বলেন, এটি একটি ব্যক্তিগত সফর হতে পারে। কিন্তু আমি এ সম্পর্কে বিস্তারিত জানি না। তাই আমার কাছে এই মুহূর্তে বলার কিছু নেই।