ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গোপনে কাজ করার অভিযোগে আবারও নারীসহ চারজনকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
স্থানীয় সময় শুক্রবার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পশ্চিম আজারবাইজানে মোসাদের সাথে জড়িত থাকার অভিযোগে একটি নাশকতাকারী দলের চার সদস্যকে ফাঁসি দেওয়া হয়েছে বলে জানায় দেশটির বিচার বিভাগ।
শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। তাদের বিরুদ্ধে ‘মোহারেবেহ’ অর্থাৎ ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’ করার অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
দুই সপ্তাহ আগেও একই অভিযোগে এক ইসরাইলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও চার গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করলো মধ্যপ্রাচ্যের দেশটি।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন ইসরায়েলি গোয়েন্দা বিভাগ মোসাদের নির্দেশনায় ইরানের নাশকতা কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মিজান।
এছাড়া এই চারজনের বিরুদ্ধে ইরানি নিরাপত্তা বাহিনীকে অপহরণের অভিযোগের পাশাপাশি কিছু গাড়ি ও অ্যাপার্টমেন্টে আগুন দেওয়ারও অভিযোগ আনা হয়েছে। এই চারজনের সাথে জড়িত আরও কয়েকজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানায় মিজান।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ জানায়, ইসরায়েলের এই গোয়েন্দাদের ২০২২ সালের জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছিল। তার আগে ইরানের গোয়েন্দারা কমপক্ষে চার মাসের মত নজরদারির মধ্যে রেখেছিল এদের।
পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ ইরান প্রায়ই গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে নিজ নাগরিকদের যে কোনো ধরনের সংশ্লিষ্টতাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে দেশটি।