পাইলটের ভুলে বরফ জমা নদীতে অবতরণ রাশিয়ান বিমানের

রানওয়ের বদলে ভুল করে বরফ জমা নদীতে অবতরণ করেছে রাশিয়ার যাত্রীবাহী একটি বিমান। দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার সোভিয়েত যুগের একটি যাত্রীবাহী বিমানের পাইলটের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাশিয়ার ট্রান্সপোর্ট প্রসিকিউটররা।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সিএনএন।

প্রসিকিউটররা জানান, পোলার এয়ারলাইন্সের আন্তনভ-২৪ বিমানটিতে ৩০ জন যাত্রী ছিল। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বিমানটি ইয়াকুতিয়া অঞ্চলের জাইরিয়াঙ্কার কাছে শীতে জমে যাওয়া কোলাইমা নদীতে অবতরণ করে।

তবে নদীতে বিমানটি অবতরণ হলেও যাত্রী ও ক্রুদের কেউ আহত হননি বলে জানান তারা।

এক বিবৃতিতে ইস্টার্ন সাইবেরিয়ান ট্রান্সপোর্ট প্রসিকিউটরের একজন মুখপাত্র জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, পাইলটের ভুলের কারণেই বরফ জমা নদীতে বিমানটি অবতরণ করেছে।

অন্যদিকে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে পোলার এয়ারলাইনস জানায় যে, আন্তনভ-২৪ বিমানটি জারিয়াঙ্কা বিমানবন্দরের রানওয়ের বাইরে অবতরণ করেছে।"

বিবৃতিতে আরও বলা হয়, ‘এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

প্রসিকিউটররা বরফের নদীতে বিমানটির অবতরণের ছবি প্রকাশ করেছে। অন্যদিকে ইজভেস্তিয়া সংবাদপত্র বিমানটি থেকে নামা যাত্রীদের ছবি প্রকাশ করেছে।