সর্বোচ্চ গোলদাতা হয়ে বছর শেষ করছেন রোনালদো

কাতার বিশ্বকাপের শেষ আট থেকে বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের এপিটাফ খোদাই করে নিয়েছিলেন কেউ কেউ। তবে বছর যেতে না যেতেই ফের আলোচনায় এই পর্তুগিজ তারকা। চলতি সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষস্থানে আছে তার নাম।

৫৩ গোল নিয়ে বছর শেষ করতে যাচ্ছেন রোনালদো। এ তালিকায় শীর্ষে ওঠার পথে তিনি পেছনে ফেলেছেন হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডকে। 

এমবাপ্পে ও কেইন ৫২ গোল নিয়ে বছর শেষ করেছেন। আর হালান্ড করেছেন ৫০ গোল। আজ রাতে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার সিটির স্কোয়াড থেকে হালান্ড ছিটকে যাওয়ার কারণে নিশ্চিত হয়েছে রোনালদোর শীর্ষে থাকা। শেফিল্ডের বিপক্ষে হালান্ডের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন সিটি কোচ পেপ গার্দিওলা। 

হালান্ড না থাকায় এ বছর তার গোলসংখ্যা আর না বাড়ার বিষয়টি নিশ্চিত। তবে রোনালদো চাইলে ক্লাব ও জাতীয় দলের হয়ে এ বছর নিজের গোলসংখ্যা আরও বাড়িয়ে নিতে পারেন। আজ রাতে সৌদি প্রো লিগে আল তাউনের বিপক্ষে মাঠে নামবে আল নাসর। এ ম্যাচে গোল করলে নিজেকে আরও ওপরে ওঠাবেন ‘সিআর সেভেন’।

বছর শেষে গোলদাতার তালিকায় শীর্ষে থাকা অবশ্য রোনালদোর জন্য নতুন কিছু নয়। ফুটবলের ইতিহাস ও রেকর্ড ধারণ করে রাখার সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) হিসাবে ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সব মিলিয়ে ৫ বার এ তালিকায় সবার ওপরে ছিলেন রোনালদো। অন্যদের মধ্যে এ সময়ে লিওনেল মেসি ও রবার্ট লেভানডফস্কি দুবার করে সর্বোচ্চ গোলদাতা হয়ে বছর শেষ করেছেন।