ডিআইজি আনোয়ার

পুলিশের কাছে সকল প্রার্থী সমান

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশন) মো. আনোয়ার হোসেন বলেছেন, পুলিশের কাছে সকল প্রার্থীই সমান। কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হচ্ছে না। আজ শনিবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আনোয়ার হোসেন বলেন, পুলিশের কাছে সকল প্রার্থী সমান। প্রচার প্রচারণার ক্ষেত্রে সকল প্রার্থী যেন সমান সুযোগ পান, সেটা নির্দেশনা দেয়া আছে। নির্বাচনকালীন সময়ে সারা দেশে ১ লাখ ৮৯ হাজার পুলিশ সদস্য কর্মরত থাকছেন। নির্বাচনের দায়িত্বে মোবাইল টিম, স্ট্রাইকিং টিম, ম্যাজিস্ট্রেটের সঙ্গেও ডিউটিতে থাকেন। 

তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। কোথাও এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলা হচ্ছে, কোথাও কোথাও গ্রেপ্তার হচ্ছেন। 

আনোয়ার  হোসেন বলেন, নির্বাচনকালীন সময়ে নির্বাচনময় পরিস্থিতি রক্ষা করাই আমাদের দায়িত্ব। নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী পুলিশ কর্মকর্তাদের বদলী এবং কাউকে কাউকে প্রত্যাহারও করা হয়েছে।