বিজয়কান্তের শেষ শ্রদ্ধায় থালাপাতি বিজয়কে জুতা নিক্ষেপ 

সদ্য প্রয়াত হয়েছেন অভিনেতা-রাজনীতিবিদ ক্যাপ্টেন বিজয়কান্ত। তাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হলেন দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয়। এদিন অভিনেতার দিকে লক্ষ্য করে একটি জুতা ছুড়ে মারা হয় আর সোশ্যালে মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ভিড়ের মধ্য দিয়ে হাঁটছিলেন অভিনেতা বিজয়। হঠাৎ একটা জুতা অভিনেতার দিকে ছোড়া হয়, যা তার মুখে আঘাত করে। জুতাটি বিজয়ের মাথা ছুঁয়ে বের হয়ো যাবার পর বিজয় আর পিছনের দিকে ফিরে তাকাননি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় চেন্নাইয়ের আইল্যান্ড গ্রাউন্ডে। সেখানেই অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কান্তকে শেষশ্রদ্ধা জানাতে পৌঁছেছিলেন অভিনেতা থালাপতি বিজয়।

তবে নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তি জুতাটি যে দিক থেকে এসেছিল, সেদিকেই আবার ছুড়ে দেন। তবে কেন থালাপতি বিজয়কে টার্গেট করা হয়েছিল, তা স্পষ্ট নয়। সামাজিক মাধ্যমে অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এমনকি অভিনেতা অজিতের ফ্যান ক্লাবের পক্ষ থেকেও এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার চেন্নাইয়ে মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতা ক্যাপ্টেন বিজয়কান্তের। বেশ কিছুদিন ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি। শুক্রবার তার শেষকৃত্য সম্পন্ন হয়।

চাত্রিয়ান, সাত্তাম ওরু ইরুত্তারাই, ভাল্লারাসু, রামানা, এঙ্গল আন্না, সেন্থুরা পুভ, পুলান ভিসারনাই, সৎ রাজ এবং চিন্না গাউন্ডার জন্য পরিচিত ছিলেন তিনি। ১৯৯১ সালের ছবি ক্যাপ্টেন প্রভাকরণ সিনেমার জন্য ‘ক্যাপ্টেন’ বলে পরিচিতি পান তিনি।